নারায়ণগঞ্জে যুবলীগ নেতার গুদাম থেকে ১২শ' বস্তা চাল জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে এক যুবলীগ নেতার গুদাম থেকে মজুদ করা ১২শ' বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুল্কা সরকার বন্দর থানা পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার মদনপুর কেওডালা হায়দার নিট কম্পোজিটের একটি গোডাউনে ১২শ' বস্তা চাল মজুদ নিশ্চিত হয়ে সেটি সীলগালা করে দেন ইউএনও।

তবে চালগুলো ত্রাণ দেবার জন্য মজুদ রাখা হয়েছে বলে ওই যুবলীগ নেতার পক্ষ থেকে দাবি করা হলেও সেটি সরকারি নাকি ব্যক্তিগত সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে সময় নিউজকে জানিয়েছেন ইউএনও শুক্লা সরকার।

অপরদিকে চালের মালিক দাবিদার মদনপুর যুবগলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া এসব চালের বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি। ফলে গোডাউনটি সীলগালা করে দেন ইউএনও এবং পরদিন সকালে বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা মুক্ত করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।