
গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
নতুন যারা মারা গেছেন তাদের বয়স ৪১ থেকে ৬০এর মধ্যে।
এদের দুজন ঢাকার বাসিন্দা। বাকিরা ঢাকার বাইরের।
এদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৪১ জন । যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।
৭৯২ জনের নমুনা পরীক্ষা করে এই পরিমাণ রোগী শনাক্ত করা হয়েছে।
নমুনা পরীক্ষার দিক দিয়েও সংখ্যাটি এখন পর্যন্ত সবোর্চ্চ।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬৪ জন।
নারায়ণগঞ্জ করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হিসেবে আবির্ভূত হয়েছে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ১৫ জন নারায়নগঞ্জের বাসিন্দা। এছাড়া কুমিল্লা, কেরাণীগঞ্জ ও চট্টগ্রামেও এক জন করে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে।
নতুন যারা শণাক্ত হয়েছেন এদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৩ জন নারী।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর নিয়মিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৬০৬ জন। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কোয়ারেন্টিনে রয়েছেন ১০১৯০ জন। প্রতিষ্ঠান পর্যায়ে রয়েছে ১২৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছে ৬৭ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৬৫২ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন।
এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় আইসোলেশন শয্যা ও আইসিইউ'র হিসাব সম্পর্কে তথ্য দেয়া হয়।
ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যার সংখ্যা ১৫৫০টি। দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৪৩টি। সব মিলিয়ে আইসোলেশন শয্যার সংখ্যা ৭১৯৩টি।
এসব আইসোলেশন হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ১১২টি। আর ডায়ালাইসিস বেডের সংখ্যা ১৪০টি। তবে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়।
আইইডিসিআর এর হটলাইনে নম্বরে ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে ৩৯৫৮ জনকে।
0 Comments